অন্তরে নয় অন্তরে যাও,
চাই না তোমার ক্ষমা।
ত্রিশূল হাতে সামনে দাঁড়াও,
ক্ষোভ হয়েছে জমা।

বৈষম্য করছো যদি,
কেই বা তোমায় মানে?
জটায় নামে তোমার নদী,
পুণ্য যে নাই স্নানে।

ওঙ্কার আজ শঙ্কা জাগায়,
ভয়ঙ্করের পালা।
শিব খুঁজতে শব খুঁজে পায়,
অসুর জপছে মালা।

ইন্দ্রিয় সব লাগাম ছাড়া,
চলছে কলির শেষ।
মানুষ হেথায় বিবেক হারা,
জ্বলছে মনে দ্বেষ।

অনেক হলো ভক্তি প্রভু,
ধৈর্য নিয়ে খেলা।
তোমায় আমি চাই নি কভু,
ভবসাগর ভেলা।

নয় সাধনা, হোক প্রতিরোধ;
দ্বৈত করো তবে।
সৃষ্টি নেবে তার প্রতিশোধ,
সৃষ্টিকর্তা রবে।।